সাদেক হোসেন কেশবপুর (যশোর) প্রতিনিধি : ‘কৃষিই সমৃদ্ধি, করব মোরা ফল চাষ- সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনে যশোরের কেশবপুরে ফল চাষ সম্প্রসারণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফল মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রেকসোনা খাতুন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কেশবপুর, যশোরের বাস্তবায়নে অনুষ্ঠিত এ মেলায় উপজেলার বিভিন্ন কৃষক, উদ্যোক্তা ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রেকসোনা খাতুন বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক খাতে রূপান্তরের লক্ষ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। ফল চাষের মাধ্যমে কৃষকরা যেমন অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন, তেমনি দেশের পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ফল উৎপাদনের পাশাপাশি সঠিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে বছরের বারো মাস দেশীয় ফলের প্রাপ্যতা নিশ্চিত করা যায়।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম বলেন, কৃষির উন্নয়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। নিরাপদ ও পরিবেশবান্ধব পদ্ধতিতে ফল উৎপাদনের পাশাপাশি কৃষকদের আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। ফল চাষে নতুন নতুন সম্ভাবনা কাজে লাগিয়ে কৃষকদের আয় বৃদ্ধি করা সম্ভব।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, ফল মেলার মতো আয়োজন কৃষকদের উদ্বুদ্ধ করে এবং সাধারণ মানুষের মধ্যে পুষ্টিকর খাদ্য গ্রহণের বিষয়ে সচেতনতা সৃষ্টি করে। কৃষি ও কৃষকের উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই কৃষকদের সহযোগিতায় প্রশাসন সবসময় পাশে রয়েছে।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, ফল চাষের প্রতি কৃষকদের আগ্রহ বাড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শ ও আধুনিক প্রযুক্তি সরবরাহের মাধ্যমে ফল উৎপাদন বৃদ্ধি এবং সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। এ ধরনের মেলার মাধ্যমে কৃষকরা নতুন জাতের ফল, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং বাজারজাতকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহনেওয়াজ, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস ছামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক এবং পৌর জামায়াতের আমীর প্রভাষক মোঃ জাকির হোসেন।
মেলা উদ্বোধনের পর অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত দেশীয় ও বিদেশি জাতের ফল, ফল প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর নেন। মেলায় উপজেলার বিভিন্ন কৃষক ও উদ্যোক্তারা তাদের উৎপাদিত নানা প্রজাতির ফল প্রদর্শন করেন।
স্থানীয় কৃষক ও দর্শনার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত এ ফল মেলা কৃষি উন্নয়ন ও পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।